প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 16, 2026 ইং
বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলীমজনু বাবু
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১ হাজার ২৫০ জন কৃষকের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
প্রতি কৃষককে ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, অতিরিক্ত উপপরিচালক (শস্য) এল. এম. রেজোয়ান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম এবং উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ স্থানীয় কৃষকরা।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বিনামূল্যে বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী কৃষকরা। তারা জানান, সরকারের এ সহায়তা চলতি মৌসুমে আবাদ বৃদ্ধির পাশাপাশি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের সহায়তায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪